
শার্শা প্রতিনিধি :: ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারত গিয়ে দীর্ঘ কারা ভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া বাংলাদেশী দুই নারী। মঙ্গলবার ( ১২ মে ) সন্ধ্যার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিট ব্যবস্থায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশান পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান পুলিশের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
ফেরত আসা নারীরা হলো- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের নলবুনিয়া গ্রামের কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার( ২৭) ও একই এলাকার মৃত আলী হোসেন খানের মেয়ে হ্যাপি খান ওরফে আশা খানম (২৪)। ভারতের কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন তাদের বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করেন। যাহার নং- যথাক্রমে ১২২৫৯৭২ ও ১২২৫৯৭৩।
পাচার হওয়া দুই নারীকে দেশে ফেরাতে সহায়তা করেন ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস ( এফআরআরও) এবং বাংলাদেশের মানবাধিকার সংস্থা যশোরের “ জাস্টিস এন্ড কেয়ার”।
বাংলাদেশে হস্তান্তরকালীন সময়ে দুই দেশের বিজিবি ও বি এস এফ,পুলিশ, মানবধিকারকর্মীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশান সুত্রে জানা যায়, ফেরত আসা দুই নারী বিগত ২০২৩ সালে অবৈধ পথে পাসপোর্ট ছাড়াই ভারতে যান।সেখান যাওয়ায় কয়েকদিনের মধ্যে ভারতীয় পুলিশের হাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে জেল হাজতে যান। দম দম কারাগারে থাকা অবস্থায় একটি মানবধিকার সংস্থা তাদের মুক্ত করে তাদের শেল্টার হোমে আশ্রয় দেন এবং দুই দেশের সরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মধ্যে যোগাযোগ ও চিঠি চালাচালির মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার অনুমতি মেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানের অফিসার ইনচার্জ ( ওসি) সৈয়দ মোর্তজা দুই নারীর দেশে ফেরার সত্যতা নিশ্চিত করে জানান,ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই এর আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ ( ওসি) আশরাফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন ভারত হতে ফেরত আসা দুই নারীকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের জিম্মায় দেওয়া হয়েছে।










