
চন্দন মিত্র ( দিনাজপুর) জেলা প্রতিনিধি :: দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ ২চোরাচালানকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার( ১১মে ) দুপুর ২টা ১০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আওলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামি মোঃ আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ আব্দুর রউফ( ৬২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-গণগাঁও এবং গণি মিয়া (৫৪), পিতা-মৃত ফজর আলী, সাং-দগরাই খাটিয়াদীঘি, উভয় থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়,গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।










