মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির বিরুদ্ধে অভিযান, জব্দকৃত ইলিশ শিশু সদনে বিতরণ

 

– বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পৌর বাজারের এক ইলিশ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এক শিশু সদনে বিতরণ করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রদীপ রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারায় অপরাধ করায় ৫ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ দেবীগঞ্জ শিশু সদনে বিতরণ করা হয়।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন, “নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা এবং ১৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে”।

সম্পর্কিত