স্টাফ রিপোর্টার :: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান রাকিব( ২৭ ) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ।সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভবন হতে তাকে আটক করে পুলিশ। আটক আব্দুর রহমান রাকিব বরিশালের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থী এবং যশোর শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।
ভুক্তভোগী সানজিদা বেগম বলেন, তার চাচাতো ভাইয়ের শাশুড়ি আইসিইউতে ভর্তি থাকাকালীন রাকিব রিপোর্টের কথা বলে ৫০০ টাকা নেন। টাকা নেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে হাসপাতালে ডিউটিরত পুলিশ কে বিষয়টি বলি।
অভিযোগ উঠেছে,গত ১৫ দিন ধরে রাকিব হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের কাছে গিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দিতেন। এরপর রিপোর্টের কথা বলে তাদের কাছ থেকে অর্থ আদায় করতেন। টাকা নেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যেত না। তিনি মডেল ওয়ার্ডের একজন রোগীর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং আরেকজনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হুসাইন শাফায়াত বলেন, রাকিব হাসপাতালের কোনো কক্ষ ব্যবহার করতেন না এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেয়নি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে বলে তিনি আরও জানান।













