দিনাজপুর জেলা প্রতিনিধি :: নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র্যাব-১৩। বুধবার ( ১১ ফেব্রুয়ারি ) সাড়ে বারোটায় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন র্যাব ১৩ দিনাজপুরের স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবীর।
ব্রিফিং কালে তিনি বলেন,দিনাজপুর ক্যাম্পের আওতাধীন এলাকার বিভিন্ন ধরণের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে প্রহণ করেছে।
তিনি আরো বলেন,আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র্যাব-১৩,সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
দিনাজপুর জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে মোট কেন্দ্র রয়েছে ৮৪৪ টি। র্যাব-১৩,সিপিসি-১ ক্যাম্পের আওতাধীন র্যাব এর ১২ টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি, কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল টিমের কার্যক্রম তদারকি করবেন।
র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে। এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় সাধন করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। র্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপুর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে। এছাড়া, র্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে র্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।
পাশাপাশি, র্যাব-১৩ এর মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোন ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।
র্যাব-১৩ এর আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে কাজ করে যাবে।
এছাড়াও, ‘সুরক্ষা,অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প কাজ করে যাবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘ্ন ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে র্যাব-১৩ তথা সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,মোঃ মনোয়ার হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।













