খাগড়াছড়ি প্রতিনিধি :: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এবং ৫ম জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।
শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মননশীল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, এনএসআই-এর যুগ্ম পরিচালক, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন-অর-রশিদ,জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্ত্,উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিববৃন্দ।
টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লক্ষীছড়ি উপজেলা ও দীঘিনালা উপজেলা দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে লক্ষীছড়ি উপজেলা দল মাত্র ৯৫ রানে ( ১৮.৪ ওভার ) অলআউট হয়ে যায়। জবাবে ৯৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দীঘিনালা উপজেলা দল কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।













